© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো কলকাতা

শেয়ার করুন:
হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো কলকাতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ পিএম | ০৩ মে, ২০২৬
দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রোববার (৩ মে) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় স্বাগতিকরা। প্রথম ৯ ওভারে ১০৫ রান তোলে তারা, এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ট্রাভিস হেডের ২৮ বলে ৬১ ও ইশান কিশানের ২৯ বলে ৪২ রানে ভর করে ১৬৫ রান জমা করে হায়দরাবাদ।

টুর্নামেন্টের শুরুতে টানা ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি কলকাতা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এবার ধারাবাহিকভাবে তৃতীয় জয় তুলে নিল কেকেআর।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৪ ওভারে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। অভিষেক ১০ বলে ১৫ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলেছেন হেড। দ্বিতীয় উইকেট জুটিতে ইশান কিশানকে নিয়ে এগোতে থাকেন তিনি। এই জুটি থেকে আসে ৩২ বলে ৬১ রান। দলীয় ১০৫ রানের মাথায় ২৮ বলে ৬১ রান করা ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী।

এরপরই শুরু হয় হায়দরাবাদের ব্যাটিং ধ্বস। একমাত্র ইশান কিশান ছাড়া উইকেটে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটার। অভিষেক, হেড ও কিষাণ ছাড়া দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন শুধু ক্লাসেন ও প্যাট কামিন্স। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের হয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট শিকার করেন সুনীল নারাইন এবং কার্তিক তেয়াগী। ১টি করে উইকেট নিয়েছেন ক্যামেরুন গ্রিন, বৈভব অরোরা এবং আনুকূল রয়।



জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন কলকাতার দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৪ ওভারে আসে ৪৯ রান। ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন অ্যালেন। এরপর রাহানের সঙ্গে জুটি বাঁধেন রঘুবংশী। ফিফটির কাছাকাছি পৌঁছেও থেমে যান রাহানে- ৩৬ বলে ৪৩ রান করে দলীয় ১৩৩ রানে আউট হন তিনি।

অধিনায়কের বিদায়ের পর ক্রিজে নামেন রিঙ্কু সিং। আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাট করতে থাকেন রঘুবংশী। ৪৭ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান তিনি। তার আউট হওয়ার সময় দলের সংগ্রহ ছিল ১৫১ রান।

শেষদিকে ক্যামেরুন গ্রিনকে নিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে কলকাতা। রিঙ্কু ১১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন, আর গ্রিন করেন ৩ বলে ৩ রান। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় কেকেআর। হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স, শিভাং কুমার ও সাবিক হুসাইন নেন একটি করে উইকেট।

এসকে/এসএন

মন্তব্য করুন