হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় মালামালসহ আটক ২
ছবি: সংগৃহীত
০৫:৫০ এএম | ০৪ মে, ২০২৬
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (৫৫ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, এনার্জি ড্রিংকস ও গবাদিপশুসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি রোববার (৩ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। অভিযানে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরার সপক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটিসহ মালামাল জব্দ করা হয়।
একই দিন সকালে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপি’র সদস্যরা মাধবপুর এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় জিরা ও ৭৬৮ ক্যান ‘রেড বুল’ এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজনকে হাতেনাতে আটক করে বিজিবি। পরে আটক ব্যক্তিদের মালামাল ও মাইক্রোবাসসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার খাশপাড়া এলাকায় পৃথক একটি নিয়মিত অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা মালিকবিহীন ৩টি গরু জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল, গরু ও যানবাহন সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত ও আটকে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ৫৫ বিজিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে। একই সাথে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এসকে/টিএ