দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ, কোচ বললেন, ‘স্বাভাবিক মনে হচ্ছে’
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ০৪ মে, ২০২৬
কোবি মাইনুর শেষ দিকের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের এই জয়ে মাইকেল ক্যারিকের দল দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরল।
ম্যাথিউস কুনহা ও বেঞ্জামিন সেসকোর গোলে হাফটাইমে ২-০ তে লিড নেয় ম্যানইউ। কিন্তু দ্বিতীয়ার্ধে ডমিনিক সোবোসলাই ও কডি গাকপোর গোলে সমতা ফেরায় লিভারপুল। চ্যাম্পিয়নের মর্যাদা হারাতে যাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও মাইনুর গোলে তিন পয়েন্ট পায় ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে লিভারপুলের অপেক্ষা ফুরোয়নি। একই দিনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে শীর্ষ পাঁচের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয় করেছে এএফসি বোর্নমাউথ।
চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ম্যানইউর এক পয়েন্ট পেলে চলতো। তারা তিন পয়েন্ট আদায় করেছে। গত জানুয়ারিতে ক্যারিক ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার ক্লাব চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে। ৪৪ বছর বয়সীর অধীনে ১৪ ম্যাচে ১০ জয় পেয়ে তিন ম্যাচ হাতে রেখে শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত করেছে।
ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় জায়গা নিশ্চিতের পর ক্যারিকের উদযাপনে ছিল না আতিশয্য। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিকাংশ প্রশ্নই ছিল, এই অর্জন কি ওল্ড ট্রাফোর্ডে তার চাকরি পাকা করতে যথেষ্ঠ! তিনি স্বীকার করলেন, প্রধান কোচ হিসেবে স্থায়ী হওয়ার মতো কাজ তিনি করেছেন।
ক্যারিক বললেন, ‘আমি যা করছি, সেটা ভালোবাসি। এটি আমার জন্য একটি দারুণ অবস্থান এবং আমি যদি সম্পূর্ণ সততার সাথে বলি, তবে এটি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে।’

এই অর্জনকে কীভাবে দেখছেন, কোচের উত্তর, ‘আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী হয়। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন চ্যাম্পিয়ন্স লিগ আমাদের থেকে কিছুটা দূরে ছিল এবং আমরা কেবল ইউরোপীয় প্রতিযোগিতায় ফিরতে চেয়েছিলাম; সেখানে তিন ম্যাচ বাকি থাকতেই লক্ষ্য পূরণ করা একটি বড় অর্জন। যা হওয়ার তা-ই হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পর সাদামাটা উদযাপন করেছেন ক্যারিক। কারণ তার স্বপ্ন আরও বড় কিছু করার। তিনি বললেন, ‘অনেক কারণে এটা বিশাল পদক্ষেপ। এটাকে ছোট করে দেখছি না। উন্নতির অনেক লক্ষণ আছে এবং এর সঙ্গে অনেক সন্তুষ্টিও রয়েছে। আমরা এই ধরনের সাফল্য আরও চাই। আমরা ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স আশা করি এবং এটাই আমাদের মূল বার্তা। চলুন, এখান থেকেই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই।’
টিজে/এসএন