দুদকের চিঠিঅগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণের নথি তলব
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ০৪ মে, ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।
এ ছাড়া, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পেয়েছে সংস্থাটি।
এমআর/এসএন