© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় পালালেন দুই যুবক

শেয়ার করুন:
চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় পালালেন দুই যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ পিএম | ০৪ মে, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক। রোববার (৩ মে) বিকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে গ্রামে আসে তারা।

গ্রামবাসীরা জানান, বিকালে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে বিয়ে করতে আসে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি নাগরিক হিসেবে দাবি করে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে সুযোগ বুঝে একটি প্রাইভেটকার নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন তারা।

এ ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক আলী বলেন, ‘তাদের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদ করলে নানা ধরনের কাগজপত্র দেখায়। পরে কৌশলে পালিয়ে যায়।’

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে কিছু চক্র নিজেদের বিদেশি পরিচয় দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে। এমনকি মানবপাচারের ঘটনাও ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকটা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, ‘অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।’

আইকে/টিএ

মন্তব্য করুন