আইটেম গানে নাচলেন মিম
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ০৪ মে, ২০২৬
শুটিং শুরুর পর থেকেই শোনা গিয়েছিল, ‘মালিক’ সিনেমার আইটেম গানে নাচবেন ভিনদেশি কোনো তারকা। কিন্তু সম্প্রতি আইটেম গানের শুটিংয়ে ভিনদেশি কোনো তারকাকে নয়, বিদ্যা সিনহা মিমকে দেখা গেল। সিনেমার প্রধান অভিনেত্রীও তিনি। ঢাকার বিএফডিসিতে গানটির সেট ফেলা হয়। মিমের সঙ্গে গানে অংশ নেন প্রধান চরিত্রের অভিনেতা আরিফিন শুভ।
‘সাপলুডু’ সিনেমায় আরিফিন শুভ ও মিমকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল। চার বছর পর ‘মালিক’ দিয়ে আবার জুটি বাঁধলেন তাঁরা। গত বছরের শেষ দিকে সিনেমার শুটিং পুরোদমে শুরু হলেও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।

ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিনেমায় অভিনয়ের জন্য টানা দেড় মাস মহড়ায় অংশ নিয়েছেন মিম। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন। দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজটি নিয়ে বাড়তি মনোযোগী।
এসএ/টিএ