হিরণের জয়ে শুভেচ্ছায় ভাসছেন অনিন্দিতা
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ০৪ মে, ২০২৬
শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ২২২৬০ ভোটে জিতলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। তৃণমূল প্রার্থী না নদেবাসী জানাকে পরাজিত করে জয়ী হলেন হিরণ। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে,অভিনেতা-রাজনীতিবিদ হিরণ্ময় ওরফে হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর সদরের পরিবর্তে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। উলুবেড়িয়ার ছেলে হিরণকে তাঁর নিজের জেলাতেই বড় দায়িত্ব দিয়েছিল গেরুয়া শিবির।
হিরণের জয়ে স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি জানালেন, আপ্লুত তিনি। অনিন্দিতা চ্যাটার্জির কথায়, "মানুষ যে এত ভালবাসা দিয়েছে বিজেপিকে, বিজেপির প্রার্থীদের, তার জন্য খুব ভাল লাগছে। শেষমেশ হিরণ তো আমার মেয়ের বাবা, মেয়ের জন্য তো ভাল লাগছেই। বিজেপি ঝড়ে বাংলা উজার হয়ে গিয়েছে, সেই আবহেই হিরণের জয় হয়েছে। তাছাড়া খড়্গপুরের ক্যাম্পেনের শুরু থেকে আমি তো সঙ্গে ছিলাম দেখেছি তখন মানুষ কীভাবে ভালবাসা দিয়েছেন। এবার শ্যামপুরের প্রচারে আমি না থাকলেও দেখেছি একইভাবে সাধারণ মানুষের ভালবাসা পেয়েছে বিজেপি।"
অনিন্দিতা আরও বলেন, "যখন থেকে ভোট কাউন্টিং-এ এগিয়ে রয়েছে হিরণ, তখন থেকেই অনেক ফোন আসছে আমার কাছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আমাকে। ভাবলে হাসিও পাচ্ছে। সেই শেষমেশ হিরণের জয়ে আমাকেই শুভেচ্ছা জানাচ্ছেন সবাই!"

প্রসঙ্গত, ২০২১ সালে খড়্গপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন হিরণ। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিধায়ক হিরণকে তৃণমূল কগ্রেসের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের বিরুদ্ধে প্রার্থী করে বিজেপি। এরপর ফের এই ২০২৬-এর বিধানসভা। শ্যামপুরে হিরণের মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে লড়েছিলেন নদেবাসি জানা, বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অসিতবরণ সাউ (ফরোয়ার্ড ব্লক) এবং কংগ্রেস টিকিট দিয়েছিল মঞ্জু আলম-কে।
স্ত্রী অনিন্দিতার সঙ্গে আইনি বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করে বিতর্কের মুখে পড়েন হিরণ। এমনকী, এবার টিকিট পাবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়। বিজেপির প্রথম দফায় প্রার্থীতালিকায় না থাকায় অনেকেই ভেবেছিলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে হিরণ টিকিট পাবে না৷ তবে একাধিক ব্যক্তিগত বিতর্ক ও নির্বাচনী এলাকার বাইরে কাজের অভিযোগের মাঝেই হিরণ বিজেপির দ্বিতীয় দফার তালিকায় স্থান পেয়েছিলেন। এবার মান রাখলেন হিরণ।
এসএ/টিএ