এসএসসির খাতা নিতে বোর্ড ডাকলেও আসেননি পরীক্ষক!
ছবি: সংগৃহীত
১২:০৮ এএম | ০৫ মে, ২০২৬
চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত দিনে বোর্ডে উপস্থিত হননি কয়েকশ পরীক্ষক। খাতা নেওয়ার জন্য আগেভাগে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হলেও অনেক শিক্ষক তাতে সাড়া দেননি। বিপুল সংখ্যক পরীক্ষকের এই অনুপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
অনুপস্থিত শিক্ষকদের আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে খাতা সংগ্রহ না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুপস্থিত পরীক্ষকদের আগামীকাল ৫ মে (মঙ্গলবার) বেলা ১১টার মধ্যে বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে উত্তরপত্র গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র গ্রহণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআই/টিএ