শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত
০১:১৮ এএম | ০৫ মে, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত শিক্ষা সংস্কারবিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ‘দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বইটির রচয়িতা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমাদের শিক্ষা খাতে মৌলিক গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ এখনও সীমিত। এই বাস্তবতা থেকেই আমি বইটি রচনা করেছি।
শিক্ষা নিয়ে তার দীর্ঘদিনের আগ্রহ ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে আমার গভীর আগ্রহ ছিল। দেশ-বিদেশে শিক্ষাব্যবস্থা, গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শিক্ষা কাঠামো নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আমি এই বইটিতে তুলে ধরেছি।
সরকারের জবাবদিহিতার বিষয়ে জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, অতীতে যারা সরকারের সমালোচনা করেছেন, দায়িত্ব পাওয়ার পর জনগণের কাছে তাদেরও জবাবদিহি করতে হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষা খাতের অবকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, ‘কোথাও একটি বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শৌচাগার নেই, আবার কোথাও জমির সংকট রয়েছে। এসব সমস্যা সমাধান সময়সাপেক্ষ হলেও সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’
শিক্ষা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতোই শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই বাস্তবতা বিবেচনা করে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও মানবিক করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ-উর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব প্রদানই সফলতার মূল চাবিকাঠি। একজন চিকিৎসকের মতোই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সঠিক ‘ডায়াগনোসিস’ করা জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করেই পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
আরআই/টিএ