© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যানসিটির হোঁচটে স্বস্তি আর্সেনালের

শেয়ার করুন:
ম্যানসিটির হোঁচটে স্বস্তি আর্সেনালের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ০৫ মে, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সমীকরণ আর্সেনালের জন্য সহজ হয়ে গেল। মৌসুমের বাকি তিন ম্যাচ জিতলেই হবে।তাদের জন্য হিসাব সহজ করে দিয়েছে এভারটন। তারা শিরোপার আরেক দাবিদার ম্যানসিটিকে রুখে দিয়েছে। ঠিক রুখে দেয়নি, বরং তারা জয়বঞ্চিত হওয়ার আফসোসে পুড়েছে।

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে জেরেমি ডকুর গোলে হার এড়াতে পেরেছে ম্যানসিটি। তার আগে দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এভারটন। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। হিল ডিকিনসনে দুই পয়েন্ট হারিয়ে বড় ক্ষতি হয়ে গেল ম্যানসিটির।



আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন পাঁচ পয়েন্টের। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। বাকি তিন ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।  

নাটকীয় রাতে ডকুর প্রথম গোলে সিটি হাফ টাইমে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু এভারটন দারুণ জবাব দেয়। ৬৮ মিনিটে সিটি ডিফেন্ডার মার্ক গুয়েহির ভুল ব্যাকপাসে বল পেয়ে গোল করেন স্বাগতিক দলের বদলি খেলোয়াড় থিয়েরনো বারি। জেক ও’ব্রায়ানের হেডে এভারটন পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল করে। বারির দুই নম্বর গোলে ৩-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।

সিটি ফিরে আসার ইঙ্গিত দেয় আর্লিং হালান্ডের গোলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডকু করেন সমতাসূচক গোল। তাতে এভারটন কোচ ডেভিড ময়েস ক্যারিয়ারে প্রথমবার পেপ গার্দিওলার বিপক্ষে জয় বঞ্চিত হন। ম্যানসিটি হার এড়ালেও শিরোপার দৌড়ে আর্সেনাল বেশ বড় ধাপ ফেলল।

এমআর/এসএন  

মন্তব্য করুন