মাগুরা জেলা যুবদল সভাপতিকে শোকজ
ছবি: সংগৃহীত
০৯:২১ এএম | ০৫ মে, ২০২৬
স্বর্ণ চোরাচালান, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন গর্হিত অপরাধে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে যুবদল।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল সোমবার (৪ মে) তাকে শোকজ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে স্বর্ণ চোরাচালান, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।
যুবদল একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যা বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোর বিরোধী। সংগঠনের দায়িত্বশীল কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। আমি মাগুরা পৌরসভার নির্বাচন করব, তাই আমার বিরুদ্ধে একটি মহল যড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
এবি/টিএ