এই জয় আমার কাছে ব্যক্তিগত : মিমি
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের আবহে নজর কেড়েছে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়া। বিশেষ করে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে সামাজিক মাধ্যমে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তিনি এই জয়কে ‘ব্যক্তিগত জয়’ বলে উল্লেখ করেছেন।
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি চক্রবর্তী। দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন পথে নেমেছিলেন, তেমনই সামাজিক মাধ্যমেও সরব হয়েছিলেন। এই প্রতিবাদের কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির শিকার হতে হয়েছিল। তবে কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। নির্ভীক মিমি তখন বলেছিলেন, ‘আমাকে হুমকি দিয়ে লাভ নেই, লড়াই চলবে।’
