© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি : ফকির মাহবুব

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি : ফকির মাহবুব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ০৫ মে, ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের যে একটি কর্মপরিকল্পনা দিয়েছে, সেটা সামনে রেখে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা (ডিসি) সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন করেছেন। সাইবার সিকিউরিটির কী অবস্থা জানতে চেয়েছেন। ডাক বিভাগের কী অবস্থা, তা নিয়েও প্রশ্ন ছিল তাদের।

অনেক ক্ষেত্রে ডাক বিভাগ কিছু করছে না বলে অভিযোগ রয়েছে। কিন্তু ডাক বিভাগ এখন অনেক কিছু করছে। নির্বাচনের সময় পোস্টাল ব্যালট পরিবহনের কাজটি ডাক বিভাগই করেছে।
তিনি বলেন, বিজ্ঞান নিয়েও তাদের প্রশ্ন ছিল। এরইমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ আমরা চালু করেছি। এটির সেফটি ও সিকিউরিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন।

মন্ত্রী আরও বলেন, আমরা বলেছি, এটা সি প্লাস জেনারেশনের একটি বিদ্যুৎ কেন্দ্র। টেলিকম নিয়েও তারা জানতে চেয়েছেন। আইসিটি, ডাক ও টেলিকম ও বিজ্ঞান নিয়ে আমরা তাদের আশ্বস্ত করেছি। সরকারের নির্বাচনী ইশতেহার যেটা ছিল, সেটা সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের যে একটি কর্মপরিকল্পনা দিয়েছে, সেটা সামনে রেখে কাজ করে যাচ্ছি।

ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ডিসিরা মাঠপর্যায়ে থাকেন, মন্ত্রণালয় থেকে আমরা যে পলিসিগুলো দেই, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আমরা তাদের উৎসাহ দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তারা জাতীয় নির্বাচন সঠিকভাবে পরিচালনা করেছে, যে কারণে তাদের ধন্যবাদ দিয়েছি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে আমরা ফ্যাক্ট চেক ব্যবস্থা চালু করেছে। সেটা বর্তমানে বহাল রয়েছে। এছাড়া যেকোনো সাইবার হামলার ক্ষেত্রে বিএফএটি সার্ভিস চালু করেছি। সাইবার সিকিউরিটির কিছু টুলস আমরা সংগ্রহ করেছি। যে কোনো ওয়েবসাইটে সাইবার হামলা হলে সেটিকে নিরাপত্তা দিতে আমরা কাজ করবো।

এসএন 

মন্তব্য করুন