বিদ্যুৎ বিভাগের সবচেয়ে সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড : বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:২২ পিএম | ০৫ মে, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবেগ ও স্বপ্নে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন সবচেয়ে সফল প্রতিষ্ঠান। আরইবি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ এর সঙ্গে জড়িত কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচিসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন।
সোমবার (৩ মে) সকাল ১১টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যে মডেলে চলছে, প্রচলিত মডেলের মধ্যে এটি একটি উৎকৃষ্ট হিসেবে প্রমাণিত মডেল তাই তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সুযোগ নেই।’
তিনি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের নির্দেশনা প্রদান করেন। যেসব পবিস এখন পর্যন্ত লাভজনক অবস্থায় পৌঁছায়নি, সেসব পবিসকে লাভজনক অবস্থায় উন্নীতকরণের জন্য তিনি তাদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পল্লী বিদ্যুতায়নের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দূরদর্শী সিদ্ধান্তে গৃহীত ব্যতিক্রমধর্মী একটি সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যে প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি গ্রহণ না করে ক্রস সাবসিটির মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। এটি একটি অনন্য দৃষ্টান্ত। লাইফলাইন গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে আসা সরকারের কাছে জনগণের সন্তুষ্টিই অগ্রাধিকার।
গ্রাহকের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে গ্রাহক সেবা বৃদ্ধি করা এবং লোডশেডিং/অন্যান্য বৈদ্যুতিক সমস্যার প্রকৃত কারণ গ্রাহকদের অবহিত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। সভায় মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম মন্ত্রী, প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা ও সরকারের সব চাহিদা পূরণে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সবাইকে নিয়ে এক সঙ্গে কাজের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রম পরিচালনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) অধ্যাদেশ জারি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেন।
এবি/টিএ