কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত
০৪:০৮ পিএম | ০৫ মে, ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভৈরবের নওয়ারবাড়ীর ছেলেরা ফর্সারবাড়ি মোখলেস মিয়ার বাগানে প্রতিদিন ঢিল মেরে আম পাড়ে। এতে করে আম নেয়াসহ তার ঘরের চালা নষ্ট হয়। এই নিয়ে নওয়ারবাড়ীর লোকদের কাছে বিচার চেয়ে কোনো সুরাহা হয়নি, উল্টো মোখলেছ মিয়াকে মারধর করার অভিযোগ ওঠে নোওয়ারবাড়ির লোকদের বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ও মঙ্গলবার সকালে দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
টিজে/টিকে