© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল চেন্নাই

শেয়ার করুন:
দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল চেন্নাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ এএম | ০৬ মে, ২০২৬
আইপিএলে টিকে থাকার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের ত্রাতা হয়ে দাঁড়ালেন সাঞ্জু স্যামসন। তার দারুণ ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের আশা নতুন করে জিইয়ে রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দিল্লিতে মঙ্গলবার (৫ মে) স্বাগতিকদের দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দ্রুত ফিরে যান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৬) ও উর্ভিল প্যাটেল (১৭)। তবে শুরুতে ধাক্কা সামলে ইনিংসের হাল ধরেন স্যামসন।

চার নম্বরে নামা কার্তিক শর্মাকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। ধীরে ধীরে রান তোলার গতি বাড়িয়ে চেন্নাইকে ম্যাচে ফেরান। এক পর্যায়ে জয়ের সমীকরণ সহজ হয়ে যায় তাদের জুটিতে।



দিল্লির বোলারদের ওপর চড়াও হয়ে ৫২ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। অন্য প্রান্তে কার্তিক শর্মা ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। দুজনের জুটিতে আসে ১১৪ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

১৭.৩ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তুলে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে চেন্নাই। এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দিল্লি। নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে ৬৯ রানেই ৫ উইকেট হারায় তারা। পরে ট্রিস্টান স্টাবস ও সামির রিজভির জুটিতে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় দলটি।
স্টাবস ৩১ বলে ৩৮ ও রিজভি ২৪ বলে ৪০ রান করেন। শেষ দিকে আশুতোষ শর্মার ৫ বলে ১৪ রানের ছোট ক্যামিওতে ৭ উইকেটে ১৫৫ রানে পৌঁছায় দিল্লি।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে নুর আহমেদ নেন ২ উইকেট। এছাড়া জেমি ওভারটন, আকিল হোসেন, গুরজাপনীত সিংহ ও মুকেশ চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

এমআই/টিএ

মন্তব্য করুন