ইউটিউবে ঝড় তুলেছে ইরফান- বিদ্যা বালান এর ‘দ্য লাস্ট টেন্যান্ট’
ছবি: সংগৃহীত
০৯:১৮ এএম | ০৬ মে, ২০২৬
প্রায় ২৫ বছর আগে নির্মিত প্রয়াত অভিনেতা ইরফান খান ও বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’। সিনেমাটি সম্প্রতি প্রয়াত অভিনেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই দর্শকমহলে সাড়া ফেলেছে সিনেমাটি।
সার্থক দাশগুপ্ত পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা ২০০০ সালে নির্মিত হয়। তবে সিনেমার শুটিং শেষ হওয়ার পর এর মূল ফুটেজ হারিয়ে গেলে দীর্ঘ প্রায় ২৫ বছর সিনেমাটির মুক্তি আটকে ছিল।
পরিচালক এ সিনেমার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সম্প্রতি হঠাৎ সিনেমাটির একটি পুরনো ভিএইচএস কপি উদ্ধার হয়। এতে নতুন করে প্রাণ পায় ‘দ্য লাস্ট টেন্যান্ট’।
এত বছর পর সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত বিদ্যা বালান।

তিনি বলেন, ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার কাছে মূল্যবান, কারণ এটিই আমাদের একমাত্র যৌথ কাজ।
এক বিপর্যস্ত সঙ্গীতশিল্পীর দেশ ছাড়ার গল্প নিয়ে নির্মিত ‘দ্য লাস্ট টেন্যান্ট’। সিনেমায় দেখানো হয় দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন শিল্পী। সেখানে স্মৃতি, সঙ্গীত আর রহস্যময় আবহ দর্শকদের নিয়ে যায় ভিন্নধর্মী এক অভিজ্ঞতায়।
২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান ইরফান খান। অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই চলতি বছর গত ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে ‘দ্য লাস্ট টেন্যান্ট’। মুক্তির পরপরই সিনেপ্রেমীদের মনে সাড়া ফেলেছে সিনেমাটি।
এসএ/এসএন