© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছেন, তৃণমূলকে কাঞ্চন মল্লিক

শেয়ার করুন:
হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছেন, তৃণমূলকে কাঞ্চন মল্লিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ০৬ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে বদলের ঢেউ উঠতেই টলিপাড়াতেও শুরু হয়েছে নতুন আলোচনা। গেরুয়া উত্থানের এই আবহে এক সময় তৃণমূলের বিধায়ক থাকা অভিনেতা কাঞ্চন মল্লিকের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর,বিজয়ী বিজেপিকে জানালেন শুভেচ্ছা। আর তাতেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি।

জানা যায়, কাঞ্চন মল্লিক তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বিজেপির ঐতিহাসিক বিজয়কে সাধুবাদ জানান এই তারকা। কাঞ্চন মল্লিক বলেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, যারা নতুন সরকার গড়তে চলেছেন।‘ এছাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ অল্প কথায় ব্যাখ্যা করেছেন প্রাক্তন বিধায়ক কাঞ্চন। তিনি বলেন, ‘এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ-অনুযোগ, না পাওয়া, হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছেন।‘



নতুন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি আশা রাখব, নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইব, একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়।‘

উল্লেখ্য, একসময় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন কাঞ্চন মল্লিক। দলের হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে উত্তরপাড়া আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক থাকাকালীন পরকীয়ার অভিযোগ ওঠে, ভেঙে যায় দ্বিতীয় সংসার। পরে তৃতীয়বারের মতো অভিনেত্রী শ্রীময়ীকে বিয়ে করেন। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন এই তারকা।

তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি কাঞ্চন। নির্বাচনি প্রচারেও দেখা যায়নি তাকে। বলা যায়, পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর, বিজেপিকে তার অভিবাদন জানানোর ব্যাপারটিও ইতিবাচকভাবে দেখছেন না নেটিজেনরা। অনেকে তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি।

এসএ/এসএন

মন্তব্য করুন