এবার মা পদক-এ ভূষিত হচ্ছেন ববিতা
ছবি: সংগৃহীত
০৩:০০ পিএম | ০৬ মে, ২০২৬
চলতি বছর দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতার জন্য অন্যতম প্রাপ্তির বছর। এরইমধ্যে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক ‘হুস হু’ পুরস্কার। ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ভূষিত হবে ‘আনন্দ মেলা’ আজীবন সম্মাননায়। এবার তার জন্য অপেক্ষা করছে আরও একটি নতুন সম্মাননা।
বিশ্ব মা দিবস (১০ মে) উপলক্ষ্যে আলী-রূপা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠিত হবে রাজধানীর একটি অভিজাত হোটেলে। গ্রীনভিউ গলফ রিসোর্ট নিবেদিত এ আয়োজনে সিনেমায় মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এবং বাস্তব জীবনে একজন সফল মা হিসাবে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন এ কিংবদন্তি অভিনেত্রী।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘সিনেমায় অভিনয় এবং অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে একজন সফল ও গর্বিত মা হিসাবে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে, শুনে আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এ পর্যায়ে এসে এ সম্মাননা’প্রাপ্তি আমার কাছে ভীষণ অর্থবহ এবং সবচেয়ে বেশি সম্মানের বলেই মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে, যিনি মূলত এই মা পদকের প্রতিষ্ঠাতা।
আয়োজক অভি মঈনুদ্দীন বলেন, ‘ববিতা আপা বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা এবং ব্যক্তিজীবনে তিনি তার একমাত্র সন্তান অনিককে নিয়ে ভীষণ সুখী। আমি তাকে দীর্ঘ ২৬ বছর ধরে চিনি-জানি। মা পদক সম্মাননা সিনেমায় একজন সফল মা হিসাবে এবং ব্যক্তি জীবনেও একজন সফল মা হিসাবে বিবেচনায় পাচ্ছেন তিনি।’
উল্লেখ্য, এর আগে ‘মা পদক’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম, অভিনেত্রী দিলারা জামান, অভিনেত্রী আনোয়ারা ও চিত্রলেখা গুহ। চলতি বছর সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জনকে, সাংবাদিকতায় দুজনকে এবং ব্যাংক, আইন বিচার, বিমান বাহিনী, ডাক্তার পেশায় ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে।
এসএ/এসএন