খেলা বাংলাদেশকে সমীহ আফ্রিদির, নাহিদকে বললেন ‘এক্স-ফ্যাক্টর’
ছবি: সংগৃহীত
০৩:৪০ পিএম | ০৬ মে, ২০২৬
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৮ মে। মিরপুরে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে নিজেদের প্রস্তুতি, টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্য এবং বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন দলটির পেসার শাহীন শাহ আফ্রিদি।
দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে শাহীন বলেন, পাকিস্তান দল বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে এবং এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে তারা। তার মতে, সামনে দীর্ঘ টেস্ট মৌসুম থাকায় এই সিরিজ পাকিস্তানের জন্য বড় পরীক্ষা।
বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানি এই পেসার জানান, নিজেদের কন্ডিশনে যেকোনো দলই সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তবে পাকিস্তানের লক্ষ্য শুধু এই সিরিজ নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া।
শাহীন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি সিরিজ নয়। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে আছি এবং কীভাবে ফাইনাল খেলা যায়, সেটিই মূল লক্ষ্য।
মিরপুরের সবুজ উইকেট নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পাকিস্তান ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট ব্যবহার করলেও এবার পেসারদের জন্য সুযোগ থাকবে বলে মনে করছেন শাহীন।
তিনি বলেন, ‘আপনি যদি পেছনে ফিরে তাকান, বাংলাদেশও তাদের ঘরের মাঠে সবসময় স্পিন ট্র্যাক তৈরি করে। যারা ঘরের মাঠে খেলে তারা নিজেদের কন্ডিশন ব্যবহার করে।
অবশ্যই, আমরা ঘরের মাঠে খেলেছি এবং স্পিন কন্ডিশন ব্যবহার করেছি কারণ অন্য দলগুলো স্পিন ততটা ভালো খেলে না। এখন এখানে সবুজ উইকেট রয়েছে এবং আমাদের বোলাররাও সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত—এই কন্ডিশন ব্যবহার করে উইকেট নিতে এবং দলের জন্য ম্যাচ জিততে তারা তৈরি।’
বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানার প্রশংসাও করেন শাহিন। তিনি মনে করেন, নাহিদ বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্ভাবনাময় এক পেসার। এই সিরিজে নাহিদ ‘এক্স-ফ্যাক্টর’ হবেন কি না এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে শাহীন বলেন, ‘আমার মনে হয় তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য একজন খুব ভালো প্রতিশ্রুতিশীল খেলোয়াড় এবং আমি আশা করি তারা তাকে ভালোভাবে কাজে লাগাবে।
তিনি সম্প্রতি খুব ভালো ফর্মে আছেন, যা আশা করি আমাদের বিপক্ষে তাদের খুব একটা সাহায্য করবে না।’ বর্তমান টেস্ট র্যাঙ্কিং নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি। পাকিস্তানের মতো দলের জন্য সাত বা আট নম্বরে থাকা মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন এই বাঁহাতি পেসার।
এছাড়া নতুন প্রধান কোচ সরফরাজকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন শাহিন। সাবেক অধিনায়ক হওয়ায় তিনি খেলোয়াড়দের মানসিকতা ভালো বোঝেন বলেও জানান।
এবি/টিএ