দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, রাজনীতি ছাড়ার অনুরোধ ভক্তদের
ছবি: সংগৃহীত
০৬:১৭ পিএম | ০৬ মে, ২০২৬
প্রায় এক যুগ আগে, অর্থাৎ ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান টালিউড সুপারস্টার দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে সাংসদ হিসেবে নিজস্ব জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে ২০২৬ সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বদলে গেছে পরিস্থিতি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে কিছু মানুষ।
কালো টি-শার্ট পরা অভিনেতা-সাংসদকে নিরাপত্তা বলয়ের মধ্যে মাথা নিচু করে ভিড় এড়িয়ে যেতে দেখা যায়। যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এত দিন ‘সৌজন্যের রাজনীতি’র জন্য পরিচিত ছিলেন দেব। রাজনৈতিক মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে কখনো কটু ভাষা ব্যবহার না করা এবং শালীন আচরণের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।
লোকসভা বা বিধানসভা—সব নির্বাচনে দলনেত্রীর উন্নয়নমূলক কাজ তুলে ধরেই ভোট চেয়েছেন এই অভিনেতা-সাংসদ। কিন্তু তৃণমূলের পরাজয়ের পর ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ভক্তদের মধ্যেই দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকেই অনুরোধ করছেন, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কেউ আবার বলছেন, ‘এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।
’ ফলে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যে ভরে উঠেছে আলোচনার ক্ষেত্র। বিশ্লেষকদের মতে, জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয়। কারণ ব্যক্তি হিসেবে এবং অভিনেতা হিসেবে এখনো দর্শকদের ভালোবাসার জায়গায় রয়েছেন তিনি। প্রচারের সময়ও রাজ্যজুড়ে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল, যা অনেকের মতে মূলত তার তারকাখ্যাতির কারণেই।
এবি/টিএ