আমুর বাসভবনে ফের ভাঙচুর
ছবি: সংগৃহীত
০৬:৩৮ পিএম | ০৬ মে, ২০২৬
কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসবভনে আবারো হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওইদিনই বিকেলে ঝালকাঠিতে আমুর বাসভবনে ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে বাসাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। রাতে ওই ভবননের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ও ডলার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রধান ফটকটিও ছিল খোলা।স্থানীয় বাসিন্দারা ভাঙা ভবনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেন।
পরে সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে তারা বুধবার দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে ভাঙচুর চালায়।
ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ফ্যাসিস্ট আমলে আমির হোসেন আমু ছিলেন আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক। তাই তার বাসবভনটি পুড়িয়ে ময়লার ভাগাড় বানানো হয়েছে। এই ভবন যারা সংরক্ষণের উদ্যোগ নেবে, তাদের প্রতিহত করা হবে। ভবনটি ভাঙাচোরা দেখে সবার মনে থাকবে, কেউ ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী হয়ে না যায়। তাহলে তাদের পরিণামও এমন হবে।
ঝালকাঠি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, এই বাড়িটি ফ্যাসিস্টদের চিহ্ন হিসেবে থাকবে। এখানে কোনো প্রকার সংস্কার করতে দেওয়া হবে না। যারা করতে আসবে, তাদের জবাব দেওয়া হবে। এখানে বসেই আমাদের ওপর হামলা করা হয়েছিল। এটি ভাঙাচোরা স্মৃতি হিসেবে থাকবে।
এমআর/এসএন