বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি
ছবি: সংগৃহীত
০৯:১৭ পিএম | ০৬ মে, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সম্প্রতি জানা গেছে, ফাইনালের কিছু টিকিট রিসেল মার্কেটে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৪ কোটি টাকায় বিক্রির জন্য তোলা হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়লেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দামের পক্ষে অবস্থান নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বেভার্লি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, 'রিসেল মার্কেটে কোনো টিকিট ২০ লাখ ডলারে উঠলেই সেটিই আসল মূল্য নয়। কেউ যদি সেই দামে কিনে, আমি নিজেই তাকে হট ডগ আর কোক পৌঁছে দেব।'
তবে ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই মূল্যকে 'অতিরিক্ত' ও 'বিশ্বাসঘাতকতা' বলে আখ্যা দিয়েছে। ইতোমধ্যে তারা ইউরোপিয়ান কমিশনে ফিফার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ মূল টিকিটের দাম প্রায় ১১ হাজার ডলার, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপে এটি ছিল প্রায় ১,৬০০ ডলার। এই বিশাল ব্যবধানই ভক্তদের ক্ষোভের মূল কারণ।
ইনফান্তিনো দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থার কারণে এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে টিকিট রিসেল বৈধ। তার মতে, কম দামে টিকিট ছাড়া হলে তা আরও বেশি দামে পুনরায় বিক্রি হতো।
ফিফা আরও জানিয়েছে, এবারের বিশ্বকাপের জন্য ৫০ কোটির বেশি টিকিট আবেদন জমা পড়েছে, যা আগের দুই আসরের তুলনায় বহুগুণ বেশি।
এমআর/টিএ