© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ

শেয়ার করুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ০৬ মে, ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বহু প্রতীক্ষিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ

বুধবার (৬ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই নীতিমালার ফলে এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি হওয়ার সুযোগ পাবেন শিক্ষকরা।

আবেদনের যোগ্যতা ও সময়সীমা

চাকরির বয়স: প্রথম যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন। একবার বদলি হওয়ার পর পরবর্তী বদলির জন্য পুনরায় দুই বছর অপেক্ষা করতে হবে।

আবেদনের সংখ্যা: একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।

বাৎসরিক প্রক্রিয়া: প্রতিবছর সরকার নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী আবেদন গ্রহণ ও বদলির কার্যক্রম সম্পন্ন হবে।

বদলির অগ্রাধিকার ও শর্তাবলি

নিজ জেলা ও বিভাগ: আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় আবেদন করা যাবে।

স্বামী/স্ত্রীর কর্মস্থল: বিশেষ বিবেচনায় স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা তাদের কর্মস্থল জেলায় (সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত প্রতিষ্ঠান হলে) বদলির আবেদন করা যাবে।

অগ্রাধিকার তালিকা: একটি পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার দেয়া হবে।

প্রতিষ্ঠানভিত্তিক সীমাবদ্ধতা: একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন এবং এক বিষয়ে একজনের বেশি শিক্ষককে বদলি করা হবে না।

আবেদন ও যোগদান প্রক্রিয়া

আবেদন পদ্ধতি: শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রমে রাখতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এই আবেদনগুলো নিষ্পত্তি করবেন।

অবমুক্তি ও যোগদান: বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

সুবিধা সংরক্ষণ: বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স অনলাইনে ট্রান্সফার হবে এবং তাদের এমপিও, জ্যেষ্ঠতা ও অন্যান্য আর্থিক সুবিধা বজায় থাকবে।  

টিকে/

মন্তব্য করুন