উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিলেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ০৬ মে, ২০২৬
সদ্য সমাপ্ত পিএসএল ২০২৬ আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। অল্প সময়ের পারফরম্যান্সেই তিনি নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বে।
এবারের পিএসএলে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও তানজিদ হাসান তামিম ছাড়া প্রায় সবাই মাঠে নামার সুযোগ পান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নাহিদ এবং পারফরম্যান্সের দিক থেকেও ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার দল পেশোয়ার জালমি শিরোপা জিতেছে, যা তার সাফল্যে আরও মাত্রা যোগ করেছে।

পুরো টুর্নামেন্টে মাত্র পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন নাহিদ। তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪৪-যা টি-টোয়েন্টি ফরম্যাটে বিশেষভাবে প্রশংসনীয়। লিগ পর্ব শেষে জাতীয় দলের দায়িত্বে দেশে ফিরলেও ফাইনালের আগে পেশোয়ার জালমির অনুরোধে বিসিবির অনুমতি নিয়ে আবার দলে যোগ দেন তিনি।
ফাইনাল ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ পেসার। গুরুত্বপূর্ণ সময়ে ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন। সেই ম্যাচে সর্বোচ্চ ১৫টি ডট বল করে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণে রাখেন তিনি।
উইজডেন তাদের মূল্যায়নে জানিয়েছে, গতি ও ধারাবাহিকতা দিয়ে অল্প সময়েই নিজেকে আলাদা করে তুলেছেন নাহিদ, যা ভবিষ্যতে তাকে বড় মঞ্চে আরও সম্ভাবনাময় করে তুলবে।
এই একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আহজমকে, যিনি ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া দলে জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি ও শাদাব খানের মতো পারফরমাররাও।
আরআই/টিকে