রাজধানীর উত্তর বাড্ডায় কুকুরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ০৬ মে, ২০২৬
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি কুকুরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (আজ) আনুমানিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উত্তর বাড্ডার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ‘আমানা ফ্যাশন লিমিটেড’-এর নিরাপত্তার দায়িত্বে থাকা জুলহাস নামের এক ব্যক্তি কুকুরটিকে দড়িতে ঝুলিয়ে হত্যা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনের আলোতেই আশপাশের লোকজনের সামনে নির্মমভাবে প্রাণীটিকে মারা হয়।
ঘটনার খবর পেয়ে প্রাণী অধিকার নিয়ে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে যান এবং বিস্তারিত জানার চেষ্টা করেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বিষয়টি ২০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয়। একই সঙ্গে মালিকপক্ষ দাবি করে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং কয়েকজনকে কামড় দিয়েছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানান স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকদের ভাষ্য, কোনো প্রাণী জলাতঙ্কে আক্রান্ত হলে তা ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্বাস্থ্যবিধি রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা প্রাণিসম্পদ বিভাগের সহায়তা নেওয়া উচিত ছিল। কিন্তু এ ঘটনায় সেই প্রক্রিয়া অনুসরণ না করে অমানবিক উপায়ে প্রাণীটিকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
প্রাণী অধিকারকর্মী বাবলি আক্তার লতা বলেন, “আমরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এমনকি ‘অন্যথায় কী করতে পারেন, দেখে নেব’ বলে হুমকিও দেওয়া হয়েছে।”
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টিকে/