ব্রাহ্মণবাড়িয়ায় আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত
ছবি: সংগৃহীত
১২:২৪ এএম | ০৭ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল রয়েল বড়ুয়া।
পুলিশ জানায়, গত সোমবার (৪ মে) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর থেকে দুইকেজি গাঁজাসহ দুই মাদককারবারি মো. শাহীন মিয়া ও সজল মিয়াকে দুইকেজি গাঁজাসহ গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। পরে মাদক মামলায় এই দুই আসামিকে মঙ্গলবার বিকেলে একটি হায়েস মাইক্রোবাস যোগে অন্যান্য আসামিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে পুলিশ।
আসামিদের আদালতে হস্তান্তরের আগেই দুই আসামি মো. শাহীন মিয়া ও মো. সজল মিয়া হাতকরাসহ কৌশলে আদালত ভবনের নিচতলার বারান্দার গেইট থেকে পালিয়ে যায়। পরে আসামি গণনার সময় বিষয়টি ধরা পরে।
আদালতের বারান্দার গেট থেকে দুই আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ধাওয়া করে সজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি মো. শাহীন মিয়াকে বিজয়নগরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি শাহীন ও সজল হাতকড়া সহ পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ইউটি/টিএ