বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা
ছবি: সংগৃহীত
০২:৪৬ এএম | ০৭ মে, ২০২৬
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করার দায়ে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির ওপর উয়েফার দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফা। এর ফলে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেলেও প্রথম অন্তত দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না ২০ বছর বয়সী এই ফুটবলার।
দুই সপ্তাহ আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় ভিনিসিয়ুস জুনিয়রকে মৌখিকভাবে অপমান করেন প্রেস্তিয়ান্নি। গালি দেয়ার সময় এই ফুটবলার জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন যাতে ধরা না পড়েন। উয়েফা প্রেস্তিয়ান্নিকে মোট ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৩ ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, উয়েফার দেয়া এই শাস্তি আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর করা হচ্ছে। অর্থাৎ ইউরোপীয় প্রতিযোগিতার বাইরে, বিশ্বকাপেও এর প্রভাব পড়বে। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন, ফলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ তাকে দর্শক হয়ে থাকতে হবে।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনও তাকে দলে রাখবেন কিনা, তা স্পষ্ট নয়। শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ অভিষেক হতে যাওয়া জর্ডান।
২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেছেন। গত নভেম্বরে সর্বশেষ জাম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি ছিলেন বদলি বেঞ্চে, মাঠে নামেননি। পাউলো দিবালার চোটের কারণে মার্চের উইন্ডোতে তাকে দলে ডাকা হলেও, উয়েফার তদন্ত নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি আলবিসেলেস্তে কোচ স্কালোনি।

এদিকে, এ ঘটনার তদন্তে উয়েফাকে সহায়তা করেন ভিনিসিয়ুসের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সাক্ষ্য অনুযায়ী, প্রেস্তিয়ান্নি স্প্যানিশ ভাষায় ‘বানর’ শব্দটি ব্যবহার করেছিলেন। বর্ণবাদী গালির কথা অস্বীকার করলেও, সমকামীবিদ্বেষী গালি ব্যবহারের কথা স্বীকার করেছেন এই আর্জেন্টাইন।
এই ঘটনার প্রেক্ষিতে ফুটবলের নিয়ম নির্ধারক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) একটি নতুন নিয়ম অনুমোদন করেছে। এখন থেকে কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে প্রতিপক্ষকে অপমান করেন, তবে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।
যদি শেষ পর্যন্ত প্রেস্তিয়ান্নি বিশ্বকাপ দলে সুযোগ না পান, তবে বাকি নিষেধাজ্ঞা আগামী মৌসুমে উয়েফা আয়োজিত কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় তাকে ভোগ করতে হবে। অর্থাৎ বিশ্বকাপে খেলুক বা না খেলুক, নিষেধাজ্ঞা থেকে নিস্তার নেই এই তরুণের।
টিজে/টিএ