© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদকে, একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

শেয়ার করুন:
এবার জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদকে, একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ০৭ মে, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন দিনের রিমান্ড শেষে আজ বিকেলে মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। প্রসিকিউটর মিজানুল ইসলাম এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনের পাশাপাশি একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়। শুনানি শেষে মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো ও রিমান্ডে নেয়া হয়।

সবশেষ গত ৪ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানার বিপ্লব শেখ হত্যার ঘটনায় করা মামলায় মাসুদ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এসকে/টিকে

মন্তব্য করুন