© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাক্ষাৎ

শেয়ার করুন:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ০৭ মে, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে কবে সাক্ষাৎ করেছেন, সেই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত মার্চের শুরুর দিকে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।

সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের এই তথ্য বৃহস্পতিবার জানিয়েছেন পেজেশকিয়ান। তবে ঠিক কবে তাদের এই সাক্ষাৎ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‌‌‘‘এই বৈঠকে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং তার বিনয়ী ও আন্তরিক আচরণ।’’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিনে এক হামলায় আহত হয়েছিলেন মোজতবা খামেনি। একই হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি কেবল লিখিত বিবৃতি প্রকাশ করে আসছেন।

টানা তিন দশকেরও বেশি সময় ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বে থাকার পর ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

পরে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ সদস্যের সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। গত ৯ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

এরপর থেকে ইরানের রাস্তাঘাটে ৫৬ বছর বয়সী মোজতবার প্রতিকৃতি সর্বত্র দেখা গেলেও জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন তিনি।

সূত্র: এএফপি

এসকে/টিকে

মন্তব্য করুন