উন্নত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ০৭ মে, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের গড়ে তুলতে অভিভাবকরা সর্বোচ্চ ব্যয় করছেন। সরকারও মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই উন্নত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (৭ মে) হোটেল শেরাটনে ‘ব্রিং লার্নিং টু লাইফ : ইনোভেশন ইন টেকনিক, লার্নিং অ্যান্ড স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক গবেষণা ফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার বাজেট বৃদ্ধি করেছে। শিক্ষাকে আনন্দময় করে তুলতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করছে। সরকারের লক্ষ্যগুলো বাস্তবায়ন করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শঙ্কর স্বাগত বক্তব্য দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
আইকে/টিকে