পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৩৪১ সদস্য
ছবি: সংগৃহীত
১১:১১ পিএম | ০৭ মে, ২০২৬
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবছর পুলিশের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ)।
পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৩৪১ সদস্য
বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে পুলিশের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ ব্যাজ পরানো হবে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আগামী রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ শুরু হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রীর ভাষণ, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, নৈশভোজ ও আইজিপির সঙ্গে অপরাধবিষয়ক সম্মেলনের মধ্য দিয়ে ১৩ মে শেষ হবে এ সপ্তাহ।
পুলিশ সপ্তাহের শেষ দিনে ৩৪১ জনকে ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
এদিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে। এ বছর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্যকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
তালিকায় পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর একাধিক কর্মকর্তাও রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীতদের পদক পরিয়ে দেয়ার কথা রয়েছে।
টিজে/টিএ