বাংলাদেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না : নিপুণ রায়
ছবি: সংগৃহীত
১১:৩৯ পিএম | ০৭ মে, ২০২৬
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং কারো বিরুদ্ধে অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের রাজনীতি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, এই বাংলাদেশে আর কোনো হিংসা-প্রতিহিংসার রাজনীতি হবে না। এ কথা প্রধানমন্ত্রী বারবার বলেছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগরের এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় বলেন, বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারো বিরুদ্ধে কথা বলে না।
তিনি আরো বলেন, এই রাষ্ট্র হবে জনগণের সেবক, আর সকল জনপ্রতিনিধি জনগণের সেবক হয়ে জনকল্যাণে কাজ করবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং সেবা নিশ্চিত করা। আমরা সেই লক্ষ্যে কাজ করবে যাব।
টিজে/টিএ