বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে উত্তেজনা, শাহ আমানত সেতুতে তীব্র যানজট
ছবি: সংগৃহীত
০২:০২ এএম | ০৮ মে, ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে চালক ও যাত্রীদের মধ্যে উত্তেজনার জেরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।এতে কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে শুরু হওয়া এই বিশৃঙ্খলায় সেতুর উভয় পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। কয়েক ঘণ্টাব্যাপী সড়ক অবরুদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রামমুখী শত শত যাত্রী।
সড়ক অবরুদ্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় অনেক রোগীকে গাড়ি থেকে নামিয়ে পায়ে হেঁটে যেতে দেখা যায়। সড়কের উভয় পাশে রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামমুখী শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় ধরে যানজট ও চালক-যাত্রীদের উত্তেজনা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানে ঘটনাস্থলে শুরুতে কোনো ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি। এ নিয়ে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা রিদোয়ান বলেন, ‘যানজটের কারণে নতুন ব্রিজ থেকে কলেজ বাজার পর্যন্ত এবং অপর পাশে কালামিয়া বাজার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। আমি লোহাগাড়ায় যাচ্ছি। ঢাকা থেকে এসেছি। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, ভোগান্তিরও শেষ নেই।’
কর্ণফুলী ট্রাফিক বিভাগের পরিদর্শক আবু সাঈদ বাকার বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় উত্তেজনার ঘটনা ঘটেছে। এর কারণে দক্ষিণ চট্টগ্রামমুখী মানুষ তীব্র যানজট ও ভোগান্তিতে পড়েছে।’
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ট্রাফিক বিভাগের পরিদর্শক তুহিন আহমেদ। তিনি বলেন, ‘চালক ও যাত্রীদের উত্তেজনা নিয়ন্ত্রণে আছে। যান চলাচল শুরু হয়েছে। যানজট দ্রুত কমে আসবে। ট্রাফিক কাজ করছে।’
টিজে/টিএ