বাংলাদেশের উন্নয়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত
০৭:৪৪ এএম | ০৮ মে, ২০২৬
জাপানের টোকিও মেট্রোপলিটনের ভাইস গভর্নর মাত্সুমোতো আকিকো এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানায় জামায়াতের প্রচার বিভাগ। বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
জামায়াত জানায়, মাত্সুমোতো আকিকোর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বৈঠকে ভাইস গভর্নর মাত্সুমোতো আকিকো টোকিওর ব্যবসা ও নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা সম্পর্কে শফিকুর রহমানকে বিস্তারিত ব্রিফ করেন। এ ছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে পরামর্শও দেন তিনি।
শফিকুর রহমান বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের সহযোগিতা কামনা করেন।
নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যুব-সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও মতবিনিময় করা হয়।
শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহবান জানান।
ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বৃহস্পতিবার জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন শফিকুর রহমান।
আরআই/ এসএন