কন্যাসন্তানের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
ছবি: সংগৃহীত
০৯:০১ এএম | ০৮ মে, ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। তার নাম রাখা হয়েছে ভিভিয়ানা। এটি লেভিটের দ্বিতীয় সন্তান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) লেভিট এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের। এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’
সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।
লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তার বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, এখন থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।
আরআই/এসএন