© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন শক্তি কাপুর

শেয়ার করুন:
মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন শক্তি কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ০৮ মে, ২০২৬
বলিউডে আবারও ছড়িয়ে পড়ল ভুয়ো মৃত্যুর খবর। এবার সেই গুজবের শিকার বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর খবর। মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। অনেকেই শোকবার্তাও জানাতে শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেই সামনে এসে সব গুজব উড়িয়ে দিলেন শক্তি কাপুর।

ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওবার্তায় অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। হাসিমুখে ভক্তদের উদ্দেশে শক্তি বলেন, তার মৃত্যুর খবর পুরোপুরি মিথ্যা। এমন ভুয়ো খবর বিশ্বাস না করারও অনুরোধ জানান তিনি।

এই ঘটনায় প্রবল ক্ষোভও প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। তার কথায়, এমন ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ৭৩ বছর বয়সী অভিনেতার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই গুজব ছড়ানো হয়েছে।



ভিডিও প্রকাশ্যে আসার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। একই সঙ্গে নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন বারবার তারকাদের মৃত্যু নিয়ে এমন মিথ্যা খবর ছড়ানো হয়। কেউ কেউ লিখেছেন, শক্তি কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা, তাকে নিয়ে এমন গুজব অত্যন্ত নিন্দনীয়।

বলিউড কিংবা টালিউড- ভুয়ো মৃত্যুর গুজব নতুন কিছু নয়। সম্প্রতি বাংলার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিজেকে সুস্থ বলে জানাতে হয়েছিল অভিনেত্রীকে। অতীতেও একাধিকবার এমন গুজবের জবাব দিতে হয়েছে তাকে। একই অভিজ্ঞতার শিকার হয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তীও।

তারকাদের ব্যক্তিজীবন ঘিরে নানা জল্পনা প্রায়ই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কখনও প্রেম, কখনও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, আবার কখনও মৃত্যুর ভুয়ো খবর-  সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এসব। তবে শক্তি কাপুরের সাম্প্রতিক ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, বিনোদনের নামে এমন মিথ্যা খবর ছড়ানোর প্রবণতা কোথায় গিয়ে থামবে?

এসএ/এসএন

মন্তব্য করুন