© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখ-অক্ষয়ের সঙ্গে কেন কাজ করবেন না সুদীপ্ত সেন?

শেয়ার করুন:
শাহরুখ-অক্ষয়ের সঙ্গে কেন কাজ করবেন না সুদীপ্ত সেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ এএম | ০৮ মে, ২০২৬
‘দ্য কেরালা স্টোরি’ দিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক, প্রশংসা এবং আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন পরিচালক সুদীপ্ত সেন। ছবির মুক্তির আগে থেকেই ‘প্রোপাগান্ডা’ তকমা ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই লড়াই। তবে সমস্ত বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। পরে দ্বিতীয় ভাগ নিয়েও একই ধরনের বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল নির্মাতাকে। তবু থেমে থাকেননি সুদীপ্ত। বরং নিজের অবস্থানে আরও অনড় হয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই বাঙালি পরিচালক। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শাহরুখ খান বা অক্ষয় কুমারের মতো বড় তারকাদের সঙ্গে তিনি কোনও দিন কাজ করতে চান না।

বলিউডে যেখানে বড় বাজেট আর তারকাখচিত ছবি মানেই সাফল্যের নিশ্চয়তা বলে মনে করা হয়, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন সুদীপ্ত সেন। তার মতে, সিনেমার আসল শক্তি দর্শকের ভালোবাসা এবং গল্পের ভিত। অতিরিক্ত প্রচার কিংবা তারকাখ্যাতির ওপর তিনি ভরসা করেন না।

সুদীপ্তর দাবি, বড় তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়। কারণ তখন ছবির গল্পের চেয়ে তারকার ভাবমূর্তি ও মতামত বেশি গুরুত্ব পেতে শুরু করে। পরিচালক হিসেবে নিজের ভাবনা অনুযায়ী কাজ করার সুযোগও সীমিত হয়ে পড়ে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ তৈরির সময়ই সিদ্ধান্ত নিয়েছিলেন, ভবিষ্যতে আর কোনও বড় তারকাকে নিয়ে কাজ করবেন না। কারণ, তাদের সঙ্গে কাজ করতে গেলে পারিশ্রমিক, চুক্তি এবং নানা ধরনের প্যাকেজ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। সেই চাপ তিনি নিতে চান না।

সুদীপ্তর কথায়, তিনি আত্মবিশ্বাসী ঠিকই, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নন। নিজের মতো করে ছবি বানাতে স্বচ্ছন্দ্য তিনি। অন্য কারও তারকাখ্যাতি বা ইমেজকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে বিশ্বাস করেন না পরিচালক।

তার মতে, একজন নির্মাতার সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত তার গল্প। আর সেই গল্পের স্বাধীনতাই তিনি আগলে রাখতে চান। তাই নিজের ছন্দে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সুদীপ্ত সেন।

এসএ/এসএন

মন্তব্য করুন