© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

শেয়ার করুন:
চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ০৮ মে, ২০২৬
আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইওএস সাগর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শুক্রবার বাংলাদেশ জলসীমায় প্রবেশের পর জাহাজটিকে বিএনএস আলী হায়দার (এফ–১৭) স্বাগত জানায় এবং বন্দরে নিয়ে আসে।

আইওএস সাগর–২০২৬ বহুজাতিক সফরের অংশ হিসেবে এই সফর ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের বন্ধুত্বের প্রতীক। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে পৌঁছানোর পর আইওএস সাগরের অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে থাকবেন কমান্ডার চট্টগ্রাম নৌ এলাকা, কমান্ডার বাংলাদেশ নৌবহর এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড। এসব বৈঠকের মাধ্যমে দুই নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

এই সফরকে ঘিরে বিভিন্ন পেশাগত, সামাজিক ও স্মারক কর্মসূচি আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে পৌঁছানোর পর সন্ধ্যায় আইওএস সাগরকে স্বাগত জানিয়ে সংবর্ধনা হবে। এতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সফরের সফল সমাপ্তি উপলক্ষে পরদিন সন্ধ্যায় আইওএস সাগরের পক্ষ থেকেও ডেক রিসেপশনের আয়োজন করা হবে।

আইওএস সাগরের অধিনায়ক চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেটারিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। যৌথ ইতিহাসে আত্মত্যাগকারীদের স্মরণে এই আয়োজন করা হবে।

এ ছাড়া আইওএস সাগরের অধিনায়ক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বন্দর নিরাপত্তা ও সামুদ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও আইওএস সাগরের আন্তর্জাতিক ক্রুদের মধ্যে পারস্পরিক জাহাজ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় হবে।

জাহাজের ক্রুরা বিএনএস ইসা খান ট্রেনিং কমপ্লেক্স এবং বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। এতে দুই দেশের নৌ প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানাশোনা ও সহযোগিতার সুযোগ বাড়বে।

দুই নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, যা দুই বাহিনীর বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হবে।

চট্টগ্রামে আইওএস সাগরের এই সফর ভারতের “নেইবারহুড ফার্স্ট” নীতি এবং “মহাসাগর” উদ্যোগের বাস্তব উদাহরণ। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশ নিরাপদ ও স্থিতিশীল ভারত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে তাদের যৌথ অঙ্গীকার আবারও তুলে ধরেছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন