© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় আরও ৪ নতুন থানা করার পরিকল্পনা ডিএমপির

শেয়ার করুন:
ঢাকায় আরও ৪ নতুন থানা করার পরিকল্পনা ডিএমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০৮ মে, ২০২৬
রাজধানী ঢাকা মহানগর এলাকায় আরও ৪টি নতুন থানা করার পরিকল্পনা রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। এর মধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে। এছাড়া বাকি তিনটি থানা স্থাপনেরও কাজ চলছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মো. সরওয়ার বলেন, গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইনে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া আমাদের মিরপুর পুলিশ লাইনস ওখানেও ২০ তলা একটি ব্যারাক আছে, আমরা গত মাসে উদ্বোধন করেছি। ছয় তলা পর্যন্ত ব্যারাক ২ হাজার ২০০ ফোর্স থাকবে।আমাদের পূর্বাচলে ২০ তলা একটি বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে ৮০০-৯০০।

তিনি বলেন, এরপর দিয়াবাড়িতে আমাদের পুলিশ লাইন্স আছে ১০ একর জায়গায় আছে, ওখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগিরিই নিয়ে যাব। এই ১০ একর জায়গা ওখানেও আমরা আবাসন বর্ধিত করতেছি। বসিলা পুলিশ লাইন ছিল আগে তেমন কিছু ছিল না, আমরা গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনে ক্রাউডেড সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ওখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। আমাদের ডিএমপির একটি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে। এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে। ওটার কাজ চলতেছে। আর ফোর্থ হল ওখানে বসিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি।

এক প্রশ্নের জবাবে মো. সরওয়ার বলেন, মোহাম্মদপুর এলাকায় আমাদের আরও দুইটি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরিই আমরা পাশ করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি আমরা।এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব।

তিনি বলেন, আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন পূর্বাচল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে আমরা ঐ এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে ৪টি থানা ও ৬টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ সহ পুলিশ লাইন্স স্থাপনে ৬ হাজার ফোর্সের চাহিদা আছে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের এই নতুন ফাঁড়ি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এমআই/এসএন  

মন্তব্য করুন