© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বদলে গেল ২ ভাইয়ের জীবন, গণ্ডগ্রাম থেকে সোজা বলিউডে!

শেয়ার করুন:
বদলে গেল ২ ভাইয়ের জীবন, গণ্ডগ্রাম থেকে সোজা বলিউডে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ০৮ মে, ২০২৬
কয়েক সেকেন্ডের গান, একটি মোবাইল ক্যামেরা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ! এতেই বদলে গেছে দুই ভাইয়ের জীবন! সামাজিক যোগাযোগমাধ্যমের রিলস বানাতে বানাতেই আজ তারা পৌঁছে গেছেন বলিউডের ঝলমলে দুনিয়ায়।

বলছি কিশোর মন্ডল ও তার ছোট ভাই কৃষ মন্ডলের কথা। পশ্চিমবঙ্গের অজপাড়া গাঁ থেকে উঠে আসা এই দুই ভাই এখন কোটি মানুষের পরিচিত মুখ। বিশেষ করে ছয় বছর বয়সী কৃষের সরলতা আর কণ্ঠের মায়া যেন আলাদাভাবে ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়।

ইনস্টাগ্রামে @কিশোর_মন্ডল_অফিশিয়াল অ্যাকাউন্টে নিয়মিত গান পোস্ট করেন কিশোর। জনপ্রিয় নানা গানের কাভার করেন তিনি, আর তাতে সঙ্গ দেয় ছোট্ট কৃষ। বড় ভাইয়ের পরিণত কণ্ঠ আর ছোট ভাইয়ের নিষ্পাপ গায়কি, এই জুটিই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় শক্তি।

সামাজিক মাধ্যমে তাদের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ইনস্টাগ্রামেই তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় কোটি! কয়েক সেকেন্ডের ভিডিওতেই লাখ লাখ মানুষ মুগ্ধ হচ্ছেন তাদের গানে।

গত বছর অনুব জৈনের জনপ্রিয় গান ‘জো তুম মেরে হো’ গেয়ে ভাইরাল হন এই দুই ভাই। ভিডিওটি প্রকাশের পর অল্প কয়েকদিনেই মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। শুধু সাধারণ দর্শকই নন, মুগ্ধ হন গানের মূল শিল্পীও। অনুব জৈন নিজেই মন্তব্য করে দুই ভাইয়ের প্রশংসা করেছিলেন।



এতেই থেমে থাকেনি তাদের যাত্রা। ইতোমধ্যে শান ও সোনু নিগম-এর মতো জনপ্রিয় সংগীতশিল্পীদের নজর কেড়েছেন তারা। ছোট্ট কৃষের গান শুনে বিস্ময়ও প্রকাশ করেছিলেন শান।

সাধারণ পরিবেশে, একেবারে সহজ-সরল উপস্থাপনাতেই গান করেন তারা। তবে তাদের গানে যত্ন আর আন্তরিকার কোনো অভাব নেই। আর এই আন্তরিকতাই মানুষকে টানছে সবচেয়ে বেশি।

সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা এবার তাদের পৌঁছে দিয়েছে বলিউডে। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পতী পত্নী অর উহ দো’-এর নতুন গান ‘হামনে ওয়াহি লাগায়া দিল’-এ কণ্ঠ দিয়েছেন কিশোর ও কৃষ মন্ডল।

জনপ্রিয় শিল্পী বাদশার সংগীতায়োজনে গানটিতে বাদশা ও ইপ্সিতাও কণ্ঠ দিয়েছেন। আর এই সিনেমাটিতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, ওয়ামিকা গাব্বি এবং রাকুল প্রীত সিং এর মতো তারকারা।

শুধু গানেই নয়, এই তারকা অভিনয়শিল্পীদের সাথে সিনেমার প্রচারণাতেও এখন দেখা যাচ্ছে এই দুই ভাইকে। রিলসের ছোট্ট পর্দা পেরিয়ে তারা এখন বলিউডের বড় মঞ্চে।

এসকে/টিকে

মন্তব্য করুন