© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতায় অমিত শাহসন্ধ্যায় চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম

শেয়ার করুন:
সন্ধ্যায় চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ০৮ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। এ পরিস্থিতিতে শুক্রবার (৮ মে) কলকাতায় পৌঁছেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করবেন তিনি।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর কলকাতা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য নেতারা। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে পূজা শেষে নিউ টাউনের একটি হোটেলে ওঠেন। পরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দলীয় সূত্রের দাবি, ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

জানা গেছে, নিউ টাউনের হোটেলে বিজেপি বিধায়কদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। বৈঠকের আগে সেখানে অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। শুক্রবার রাতে ওই হোটেলেই অবস্থান করবেন তিনি।

শনিবার (৯ মে) সকালে সেখান থেকে তিনি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন অমিত শাহ। তাকে সহযোগিতা করবেন মোহন চরণ মাঝি।

বিজেপির রীতি অনুযায়ী, নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের মাধ্যমে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। সাধারণত সেই নেতাই মুখ্যমন্ত্রী হন।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো জোর আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শুভেন্দু অধিকারীর নামই শেষ পর্যন্ত চূড়ান্ত হতে পারে। তবে অন্য কোনো নেতাকেও বেছে নেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে।

দলীয় সূত্র বলছে, যার নামই চূড়ান্ত হবে, তিনিই শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন