বিয়ের ১০ বছর পর বাবা হলেন সূর্যকুমার যাদব
ছবি: সংগৃহীত
০৫:৪৫ পিএম | ০৮ মে, ২০২৬
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বাবা হয়েছেন। বিয়ের দীর্ঘ ১০ বছর পর বাবা হলেন তিনি। তার স্ত্রী দেবিশা শেঠি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি তাদের প্রথম সন্তান।
গত মার্চ মাসে দেবিশার বেবি শাওয়ারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগে ২০১৬ সালে ৩৫ বছর বয়সি সূর্যকুমার যাদব দেবিশা শেঠির সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। কলেজজীবনে একটি নাচের অনুষ্ঠানে তাদের প্রথম সাক্ষাৎ হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের যাত্রা শুরু। এরপর তারা সাতপাকে বাঁধা পড়েন।
কন্যাসন্তানের বাবা হওয়ার পর এ খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন সূর্যকুমার যাদব। এর পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তার পোস্টের কমেন্ট সেকশন ভরে গেছে অভিনন্দন-বার্তায়।
বলিউড তারকারাও এ সুখবর ঘিরে আনন্দ প্রকাশ করেছেন। সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা রণবীর সূর্যকুমার ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লেখেন— ঈশ্বর আশীর্বাদ করুন।

অভিনেতা অর্জুন কাপুর হার্ট ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অপরশক্তি খুরানা লিখেছেন— অভিনন্দন বন্ধুরা, ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদ করুন। এ ছাড়া ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, জানাই ভোঁসলে, মীরা কাপুর ও শরদ কেলকারসহ আরও অনেকেই সূর্যকুমার ও দেবিশাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের পর থেকেই সূর্যকুমার যাদবের জীবনে বড় পরিবর্তন আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক।
তিনি বলেন, ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। সূর্যকুমার বলেন, তখন দেবিশাই আমাকে সামলেছিল। ও সবসময় বলত— এ বিষয়গুলো নিয়ে বেশি না ভেবে নিজের ওপর ফোকাস করতে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
এ ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, দেবিশা আমাকে কোনো দিন হতাশ হতে দেয়নি। সবচেয়ে ভালো বিষয় ছিল— আমরা সমস্যা নিয়ে বসে থাকতাম না; বরং সমাধান খুঁজতাম— আমি কীভাবে আরও ভালো করতে পারি, সেটা নিয়েই ভাবতাম। ও সবসময় আমাকে ভবিষ্যতের দিকে নজর দিতে বলত। তাই বাড়িতে থাকলেও হতাশা এসে গ্রাস করেনি আমাকে বলে জানান সূর্যকুমার যাদব।
তিনি বলেন, বিয়ের আগে পর্যন্ত সঠিক ডায়েট কী হওয়া উচিত, তা নিয়ে তার কোনো ধারণা ছিল না। যা ভালো লাগত আমি তাই খেতাম। সেটা বিরিয়ানি হোক কিংবা আইসক্রিম। কিন্তু ২০১৮ সালের পর থেকে আমি ডায়েটের দিকে মন দিতে শুরু করি এবং তার পুরো কৃতিত্ব দেবিশার।
বর্তমানে সূর্যকুমার যাদব আইপিএল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন। দলের পরবর্তী ম্যাচ ১০ মে রায়পুরে। তবে সেই ম্যাচে সূর্যের খেলা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তিনি দলের সঙ্গে রায়পুরে যাননি। যদিও মাত্র তিন দিন আগে, ৪ মে নিজের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ানসকে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। টানা তিনটি হারের পর সেই ম্যাচে জয়ের মুখ দেখেছিল দল। তবে ১০ মে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়।
জানা যাচ্ছে, মেয়ের জন্মের কারণেই তিনি দলের সঙ্গে রায়পুরে যাননি। এদিকে চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানস খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। ১০ ম্যাচে মাত্র তিন জয় পেয়েছে দল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে বাকি সব ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে সূর্যের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ইউটি/টিএ