দু’দশক পর ২ জন উপ-মুখ্যমন্ত্রী পাচ্ছে পশ্চিমবঙ্গ
ছবি: সংগৃহীত
০৬:০৭ পিএম | ০৮ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর পথে এগিয়ে আছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী; সেই সঙ্গে দু’দশকেরও বেশি সময় পর দু’জন উপ মুখ্যমন্ত্রীও পাচ্ছে পশ্চিমবঙ্গ। আর উপ মুখ্যমন্ত্রীর পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দু’জনের নাম— অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষ।
অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ আসন থেকে জয়ী হয়েছেন; আর শঙ্কর জয় পেয়েছেন শিলিগুড়ি থেকে।
পশ্চিমবঙ্গের সম্ভাব্য রাজ্য সরকার গঠনের জন্য বর্তমানে কলকাতা আছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদের মধ্যে অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষের সঙ্গে পৃথকভাবে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে।
বিজেপি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম উপ মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অগ্নিমিত্রা পল; আর দ্বিতীয় উপ মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শঙ্কর ঘোষণ।
পশ্চিমবঙ্গের রাজ্যসরকারের ইতিহাসে সর্বশেষ উপ-মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বাধীন সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।
২০০০ সালের নির্বাচনে জয়ী হয়ে নতুন মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য্য। তার সরকারে উপমুখ্যমন্ত্রীর কোনো পদ ছিলো না। ২০১১ সালে বামপন্থি সিপিএমকে হটিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মমতা তার সরকারে উপ মুখ্যমন্ত্রীর কোনো পদ রাখেননি।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শপথ নেবে আগামী কাল ৯ মে। সেই শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।
সূত্র : এনডিটিভি
এমআই/টিকে