রোববারের মধ্যে হামজাদের কোচ চূড়ান্ত করবে বাফুফে
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ০৮ মে, ২০২৬
হামজা চৌধুরীদের কোচ হচ্ছেন কে? প্রশ্নটির উত্তর জানতে আগ্রহী নয়-টা কে! বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, রোববারের মধ্যেই তারা হাভিয়ের ক্যাবরেরার উত্তরসূরি চূড়ান্ত করে ফেলবেন।
তাবিথ জানিয়েছেন, রোববারের মধ্যে চূড়ান্ত হবে নাম। ১৫ মের মধ্যে চুক্তি। বোর্ড চায় হাইপ্রোফাইল কোচ নিয়োগ দিতে। সে জন্য যদি বাজেট বাড়ানোর প্রয়োজন হয়, বোর্ড আপ্রাণ চেষ্টা করবে বলে জানালেন তাবিথ।
গণমাধ্যমকে তাবিথ বলেন, ‘আমাদের টার্গেট হলো রোববারের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা। ১৫ মের মধ্যে চুক্তি করব।’
বাংলাদেশের কোচ হতে আগ্রহীদের তালিকায় বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তি রয়েছেন। রোজারিও মিকেল ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জিতিয়েছেন। ক্রিস কোলম্যান কাজ করেছেন ওয়েলস জাতীয় দল, রিয়াল সোসিয়েদাদ, ফুলহ্যাম, স্যান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মতো ক্লাবগুলোর। বাফুফের একটি সূত্র গতকাল জানিয়েছিল, দুজনের চাহিদাই ৩০ লাখের আশপাশে।

তাবিথ মনে করেন, বাজেট বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘যত কিছু হোক, বাজেট বাজেটই। কত দিচ্ছি এটা তো বিষয় না, বিষয় হলো কী বিনিয়োগ করছি, আর তার বিনিময়ে কী পাচ্ছি। আমাদের আগামী দুই বছরের ক্যালেন্ডার বিবেচনা করতে হবে, কী ধরনের টুর্নামেন্ট খেলব, কী ধরনের টিম চাই। সব বিবেচনা করে আমরা কোচের সঙ্গে বসব। আর্থিক দিকটা গুরুত্বপূর্ণ, তবে এটা শেষের ক্রাইটেরিয়া।’
তাবিথ যোগ করেন, ‘সেটা যদি আমাদের বাজেটের বাইরেও চলে যায়, চেষ্টা করব আর্থিক দিকটা মোকাবিলা করার, যদি পারি। একদমই না পারলে, তবে আমি মনে করি না যে ফেডারেশনের বাজেট একদমই কম, যে ভালো কোচ পাব না।’
ইউটি/টিএ