© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিলনাড়ুতে সরকার গঠনে কোনো জোটকে সমর্থন করবে না বিজেপি: নাগেন্দ্রন

শেয়ার করুন:
তামিলনাড়ুতে সরকার গঠনে কোনো জোটকে সমর্থন করবে না বিজেপি: নাগেন্দ্রন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ০৮ মে, ২০২৬
তামিলনাড়ুতে সরকার গঠনের চেষ্টায় থাকা কোনো জোট বা দলের পক্ষেই সমর্থন দেবে না ভারতীয় জনতা পার্টি-বিজেপি। আজ শুক্রবার (৮ মে) এমনটা জানিয়েছেন দলটির তামিলনাড়ু রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন। খবর দ্য হিন্দুর।

তামুলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম-টিভিকে সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই দলটি ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। দলটি সরকার গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তামিলনাড়ুরর এবারের নির্বাচনে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম-এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে বিজেপি ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের মিত্র তামিল মানিলা কংগ্রেস (মুপানর) এবং তামিলাগা মাক্কাল মুনেত্রা কাজাগামও বিজেপির প্রতীকে নির্বাচন করে। এর ফলে মোট ৩৩টি আসনে বিজেপির প্রতীক ছিল।

তবে এর মধ্যে বিজেপি জিততে পেরেছে মাত্র একটি আসনে। সেটা হলো উদগামণ্ডলম বিধানসভা কেন্দ্র। সেখানে দলের প্রার্থী এম. ভোজারাজন মাত্র ৯৭৬ ভোটের ব্যবধানে জয় পান।

আজ শুক্রবার চেন্নাইয়ে দলের রাজ্য কার্যালয়ে নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাইনার নাগেন্দ্রন বলেন, তামিলনাড়ুর জনগণ বিজেপিকে সরকারে থাকার মতো সমর্থন দেয়নি।

তিনি বলেন, ‘তামিলনাড়ুর মানুষ আমাদের স্বীকৃতি না দিলেও আমরা বিনয়ের সঙ্গে এই রায় মেনে নিচ্ছি। জনগণের স্বার্থে আমরা আমাদের কণ্ঠস্বর তুলে যেতে থাকব।’ নাগেন্দ্রন আরও স্পষ্ট করে বলেন, বিজেপির একমাত্র নির্বাচিত বিধায়কও সরকার গঠনের চেষ্টায় থাকা কোনো পক্ষের পক্ষে ভোট দেবেন না। তার কথায়, ‘কোনো দলই আমাদের সমর্থন চেয়ে যোগাযোগ করেনি। আমরাও কাউকে সমর্থন দিতে যাচ্ছি না।’

গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারে একক বৃহত্তম দল তামিলাগা ভেত্রি কাজাগামের নেতা বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে নাগেন্দ্রন বলেন, গভর্নরের সংখ্যাগরিষ্ঠতা যাচাই করার পূর্ণ ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ‘তাদের (টিভিকের) দায়িত্ব হলো নিজেদের সমর্থনের সংখ্যা দেখানো। যদি তারা গভর্নরের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়, তাহলে আদালতের দ্বারস্থ হতে পারে।’

এদিকে এনডিটিভি জানিয়েছে, অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থি সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় আজ শুক্রবার (৮মে) বিকেল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তাদের লক্ষ্য, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো।

এনডিটিভির প্রতিবেদন মতে, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, ছোট দল বিদুথালাই চিরুথাইগাল কাজির (ভিসিকে) ২ জন, বামপন্থি কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কবাদী) ২ জন এবং কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এমআই/টিকে 

মন্তব্য করুন