© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে দিচ্ছে না পরিবার, পুলিশের কাছে পাত্র খুঁজে দেওয়ার আবেদন তরুণীর

শেয়ার করুন:
বিয়ে দিচ্ছে না পরিবার, পুলিশের কাছে পাত্র খুঁজে দেওয়ার আবেদন তরুণীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ০৮ মে, ২০২৬
পরিবারের সদস্যরা বিয়ে দিতে রাজি নন, উল্টো সম্পত্তির লোভে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন—এমন অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের সরাই ইনায়ত এলাকার বাসিন্দা মাধুরী প্যাটেল।

তবে তার অভিযোগের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো, তিনি পুলিশের কাছে নিজের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে দিয়ে বিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মাধুরী প্যাটেলের দাবি, তার পরিবার বিয়ের খরচ বাঁচাতে ইচ্ছাকৃতভাবে তার বিয়ে বিলম্বিত করছে। পুলিশের কাছে জমা দেওয়া আবেদনে তিনি জানিয়েছেন, তার জন্য আসা বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব তার ভাই এবং দুলাভাই নানা অজুহাতে ফিরিয়ে দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, তার ভাই কৌশলে পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন বোনের বিয়ের দায়িত্ব নিতে সম্পূর্ণ অস্বীকার করছেন।

গত ২০ বছর ধরে একা বসবাস করছেন বলে দাবি করেছেন মাধুরী। তিনি জানান, তিনি নিজের খরচ নিজেই বহন করছেন, তবুও পরিবার তার ওপর চড়াও হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

আবেদনে ওই নারী তার বাবা, মা, ভাই এবং দুলাভাইকে সরাসরি অভিযুক্ত করেছেন। মাধুরী প্যাটেল পুলিশ প্রশাসনের কাছে আরজি জানিয়েছেন যেন তারা তার জন্য একজন সুপাত্রের সন্ধান করে এবং সম্মানের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে। তিনি আর একাকী ও লাঞ্ছিত জীবন যাপন করতে চান না।

এই অদ্ভুত কিন্তু করুণ অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ নড়েচড়ে বসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে মাধুরীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অসহযোগিতায় একজন তরুণী পুলিশের কাছে বিয়ের দাবি করা ভারতের আইনি ও সামাজিক প্রেক্ষাপটে একটি বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: সামা টিভি 

এমআই/টিকে 

মন্তব্য করুন