নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০৮ মে, ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে নারায়ণগঞ্জ সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী। তবে নেতাকর্মীদের হট্টগোলে মসজিদ প্রাঙ্গণে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
তাদের হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে রক্তাক্ত জখম হয়েছেন অন্তত ৪-৫ জন মুসল্লি। অনেকে সুন্নত নামাজও আদায় করতে পারেননি। এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করবেন, বৃহস্পতিবার (৭ মে) নিজ ফেসবুক আইডি থেকে এমন পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী। শুক্রবার তার আসার আগেই দলীয় নেতাকর্মীরা মসজিদে সমবেত হন। পরে মসজিদে উপস্থিত হয়ে নিচতলায় ইমামের খুতবার আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন নাসিরউদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছে চলে এসেছে। মুসলমানরা সতর্ক না থাকলে ও ঈমানী বক্তা না থাকলে এই পতাকা ঠেকানো যাবে না।
নামাজ শেষে নাসিরউদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হলে দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। শহীদ ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতেও স্লোগান দেন তারা। এতে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
সেখানে আবারও হ্যান্ডমাইকে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন নাসিরউদ্দীন পাটওয়ারী। ফলে অধিকাংশ মুসল্লি সুন্নত ও নফল নামাজ আদায় করতে ব্যর্থ হন। নেতাকর্মীদের হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে জখম হন অন্তত ৪-৫ জন মুসল্লি। নিচ তলার ফ্লোরের দরজা জুড়ে পড়ে থাকে ভাঙা কাঁচের অসংখ্য টুকরো। রক্তের দাগও দেখা মেলে।
মসজিদে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসুল্লিরা। এতে নামাজের ব্যাঘাতসহ মসজিদের পবিত্রতা, আদব ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তাদের। ধর্মীয় ইবাদতের স্থান মসজিদকে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করার অভিযোগও করেন তারা।
ইউটি/টিএ