সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবির বিচরণ ছিল দৃঢ় : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৬:৪৮ পিএম | ০৮ মে, ২০২৬
সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল দৃঢ় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা জীবন পড়লেও রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ আবিষ্কার করা সম্ভব হবে না।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কবিকে অসাম্প্রদায়িক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যে বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। কবি ছিলেন একজন দার্শনিক।’
তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থা চালু করেছিলেন। কবির এই ধারণাকে ধারণ করে আমাদের সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।’
আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে তার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রমুখ।
টিকে/