মহাসড়কে হকার বসতে না দেওয়ায় ৬ আনসার সদস্য আহত
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০৮ মে, ২০২৬
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক এবং ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হকারদের হামলায় ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন- আনাস, সামসুদ্দিন, এম.এইচ মানিক, মুন্নাসহ আরো দুজন।
আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার জন্য কাজ করি প্রতিদিন। আজ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়। এ সময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে আমাদের ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।
সাভার উপজেলা আনসার ভিডিপি (বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী) কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেনি।
এসকে/টিকে